তিস্তা পাড়ে হতে যাচ্ছে চীনের সহায়তায় ১ হাজার শয্যার আধুনিক হাসপাতাল!

তিস্তা পাড়ে হতে যাচ্ছে চীনের সহায়তায় ১ হাজার শয্যার আধুনিক হাসপাতাল!


প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর)

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১০:৩৫ | দৈনিক এআর



রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদী তীরবর্তী চর কলাগাছি এলাকায় চীনের অর্থায়নে এক হাজার শয্যার একটি আধুনিক, বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে হাসপাতাল নির্মাণের সম্ভাব্য স্থান হিসেবে ২০ একর খাস জমি পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


মঙ্গলবার (১৫ এপ্রিল) প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা, লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদীসহ অন্যান্য প্রশাসনিক ও স্থানীয় প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করেন।


স্থানীয়দের মতে, গঙ্গাচড়ার চর কলাগাছি এলাকা হাসপাতাল নির্মাণের জন্য অত্যন্ত উপযুক্ত। এলাকাটি লালমনিরহাট বিমানবন্দর ও তিস্তা সেতুর নিকটবর্তী হওয়ায় যোগাযোগ ব্যবস্থাও সহজতর হবে।


গজঘণ্টা ইউনিয়নের ওমর গ্রামের বাসিন্দা ড. ইঞ্জিনিয়ার জমিদার রহমান বলেন, "তিস্তা পাড়ের এই অঞ্চলটি চীনা হাসপাতালের জন্য একেবারে উপযুক্ত। এতে এলাকার স্বাস্থ্যসেবা এবং অবকাঠামোগত উন্নয়নে আমূল পরিবর্তন আসবে।"


লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, "নদীভাঙনের কবলে থাকা গঙ্গাচড়ার মানুষের জীবনমান উন্নয়ন ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে আমরা জোরালোভাবে এই হাসপাতালটি গঙ্গাচড়ায় স্থাপনের দাবি জানাচ্ছি।"


উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা জানান, তিস্তা নদীসংলগ্ন এলাকাগুলো পরিদর্শন করে সম্ভাব্য স্থান নির্ধারণ করা হচ্ছে। প্রাথমিকভাবে গঙ্গাচড়ার চর কলাগাছি এলাকায় হাসপাতাল স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে।


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম নিশ্চিত করেন, বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে উপহার হিসেবে এই হাসপাতালটি রংপুর অঞ্চলে নির্মাণ করা হবে, যা তিস্তা প্রকল্প এলাকার কাছাকাছি স্থাপিত হবে।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভারতের ভাঙার প্রস্তাব: অস্ট্রিয়ার অর্থনীতিবিদ গুনথার ফেলিঙ্গারের বিতর্কিত মন্তব্য