৪৯তম বিসিএস থেকে নতুন সিলেবাস, মুখস্থ নির্ভরতা কমানো হবে
৪৯তম বিসিএস থেকে নতুন সিলেবাস, মুখস্থ নির্ভরতা কমানো হবে
নিজস্ব প্রতিবেদক
তারিখ: ২৫ এপ্রিল ২০২৫
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৯তম বিসিএস থেকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন নতুন সিলেবাস চালুর ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আগারগাঁওয়ে কমিশনের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম।
তিনি বলেন, “নতুন সিলেবাস এমনভাবে প্রণয়ন করা হচ্ছে যাতে প্রার্থীরা শুধু বিসিএস নয়, বিশ্বের যেকোনো দেশের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে পারেন। মুখস্থ নির্ভরতা কমিয়ে দক্ষতা-ভিত্তিক মূল্যায়নের ওপর জোর দেওয়া হবে।”
পিএসসির সদস্য মো. নাজমুল আমীন মজুমদার জানান, ভারতের মতো পার্শ্ববর্তী দেশগুলোর সিলেবাস পর্যালোচনা করে আধুনিক ও প্রাসঙ্গিক কাঠামো তৈরি করা হচ্ছে। প্রার্থীদের গ্লোবাল ক্যান্ডিডেট হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
অন্য এক সদস্য মো. সুজায়েত উল্যা বলেন, “সিলেবাস প্রণয়নের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। ৪৯তম বিসিএস থেকেই এটি কার্যকর হবে।”
সংবাদ সম্মেলনে পিএসসি আরও জানায়, ভাইভা নম্বর পুনর্বিন্যাস, প্রশ্নপত্র ফাঁস রোধ, এবং চাকরিপ্রার্থীদের চলমান দাবিদাওয়া বিবেচনায় আনা হচ্ছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন