গ্লোবাল সুপার লিগ সামনে রেখে দল গোছাতে ব্যস্ত রংপুর রাইডার্স
গ্লোবাল সুপার লিগ সামনে রেখে দল গোছাতে ব্যস্ত রংপুর রাইডার্স
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ | ১৪ই বৈশাখ ১৪৩২
গায়ানায় আগামী ১০–১৮ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ। শিরোপাধারী বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স ইতিমধ্যে দল গোছানোর কাজ শুরু করেছে। তবে প্রায় একই সময়ে বাংলাদেশের ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ থাকায় দেশি ক্রিকেটারদের পরিবর্তে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বিদেশি ক্রিকেটারদের ওপর।
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এই প্রথম কোনো দল বৈশ্বিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা জিতেছিল, আর সেই অনন্য কৃতিত্বের মালিক ছিল রংপুর রাইডার্স। এবারের আসরে বিপিএল চ্যাম্পিয়ন বরিশালকে টপকে একমাত্র প্রতিনিধি হিসেবে খেলবে রংপুর।
তবে কিছু চ্যালেঞ্জও রয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ধারণা করা হচ্ছে, বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০, ২২ ও ২৪ জুলাই। এ কারণে রংপুর স্থানীয় তারকা খেলোয়াড়দের দলে নেওয়ার ব্যাপারে সতর্ক। সম্ভাব্য দেশি তারকাদের তালিকায় রয়েছেন নাঈম শেখ, এনামুল হক বিজয়, মেহেদী হাসান মিরাজ এবং অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।
বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়ানোর পরিকল্পনাও এগিয়ে চলছে। ইতিমধ্যে আলোচনায় আছেন মোহাম্মদ নবি, কাইল মায়ার্স, আজমতউল্লাহ ওমরজাই, হার্মিত, আকিব জাবেদ এবং খাজা নাফে।
রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম বলেন,
"ওই সময়ে পাকিস্তান বাংলাদেশ সফরে থাকবে। তাই জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী দল গঠনের চেষ্টা করব। তবে যদি বোর্ড থেকে জাতীয় দলের ক্রিকেটারদের এনওসি পাওয়া যায়, তাদেরও দলে নেওয়ার চেষ্টা থাকবে।"
পাশাপাশি, গত আসরে রংপুরের হয়ে খেলা তরুণ লেগস্পিনার রিশাদ হোসেনকে এবার দলে রাখার বিষয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিগব্যাশের হোবার্ট হারিকেনস ফ্র্যাঞ্চাইজির আগ্রহের কথা জানিয়ে তানিম বলেন,
"আমরা রিশাদকে একটি বিকল্প অফার করব। তবে যদি হোবার্ট তাকে চায়, রিশাদ চাইলে যেতে পারবে। সিদ্ধান্ত পুরোপুরি তার নিজের। আমরা কাউকে জোর করব না।"
এদিকে ব্যক্তিগত ব্যস্ততার কারণে এবারের গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের সঙ্গে থাকছেন না তাদের কোচ মিকি আর্থার।
আরও পড়ুন:
- [ফের শাস্তি পেলেন হৃদয়, নতুন করে ৪ ম্যাচ নিষিদ্ধ]
- [আইপিএলের মাঝেই বিলাসবহুল ভ্রমণ হায়দরাবাদের]
- [টেস্টে তানজিম সাকিবকে নিয়ে আশাবাদী সিমন্স]
- [পহেলগাম হামলার দিনই হত্যার হুমকি পেয়েছিলেন গম্ভীর, একজন গ্রেফতার]
- [বাংলাদেশের ভক্তদের ধৈর্য ধরতে বললেন সিমন্স]

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন